দেশের চার জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পৃথক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে গাজীপুরে ট্রেনের ধাক্কায় ৮ লেগুনা যাত্রী নিহত হন। এছাড়া টাঙ্গাইলের মির্জাপুরে ৬ জন, সিলেটে ৫ জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ ছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে।
গাজীপুর: গাজীপুরের হায়দরাবাদে ট্রেনের ধাক্কায় তিন শিশুসহ আট লেগুনাযাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে হায়দরাবাদ এলাকায় একটি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা জানান।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, যাত্রীবোঝাই লেগুনাটি রেললাইন পার হওয়ার সময় ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা থেকে গাজীপুরগামী ডেমু ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই আট আরোহীর মৃত্যু হয়।
নিহতদের নামপরিচয় জানা যায়নি। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেয়ার প্রস্তুতি চলছে।
টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাস খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনার আহত হয়েছেন আরও ৩০ জন।
বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে বাসাইল উপজেলার পাটখাগড়িতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টাঙ্গাইল সদর ও কুমুদিনী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোয়জ্জেম হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিলেট প্রতিনিধি জানান: দুপুর ১২টার দিকে জেলার ওসমানী নগর উপজেলার গোয়ালবাজার এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরসালিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতদের নামপরিচয় জানা যায়নি। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সকাল সোয়া ১০টার দিকে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত এবং তিন যাত্রী আহত হয়েছেন।
নিহতরা হলেন, হবিগঞ্জের মাদবপুর উপজেলার ধর্মঘর এলাকার এনামুল হকের ছেলে ইমজামামুল হক ও ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলার ঘোটুরা এলাকার দরবেশ আলী।
আহতদের উদ্ধার করে ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হচ্ছে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ের পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস ব্রাক্ষণবাড়িয়া অভিমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুইজন নিহত ও তিনজন আহত হন। দুর্ঘটনায় আরও তিন যাত্রী আহত হন।