ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মিয়ানমারে বন্যা দূর্গতদের জন্য জরুরি ওষুধপত্র পাঠানো হচ্ছে।
শনিবার দুপুর সাড়ে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কোটি টাকা মূল্যের ওষুধ ও সরঞ্জাম পাঠানো হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
কয়েক সপ্তাহের প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে ৬৯ জন মারা গেছে।
মিয়ানমারে পাঠানো এসব ওষুধ ও সরঞ্জাম দেখতে শুক্রবার সকালে তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগারে যান প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্যসচিব আবুল কালাম আজাদ। এ উপলক্ষে সেখানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অন্যান্যের মধ্যে স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সমুদ্র বিষয়ক) রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দ্বীন মোহাম্মদ নুরুল হক এসময় উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজদ বলেন, ‘প্রতিবেশিদের যে কোনো দুযোর্গে মানবিক ত্রাণ সহায়তা পাঠাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় আন্তরিক।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মিয়ানমার বন্যা দুর্গতদের চিকিৎসায় কোনো মেডিকেল টিম পাঠানোর অনুরোধ না জানালেও ‘সরকার সেখানে মেডিকেল টিম পাঠানোর ব্যাপারে প্রস্তুত রয়েছে।’
গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারে বন্যা উপদ্রুত লোকদের সহায়তার জন্য দ্রুত জীবন রক্ষাকারী ওষুধ, কিট, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, কম্বল ও তাবু পাঠানোর নির্দেশ দেন।
কয়েকমাস আগে নেপালে ভয়াবহ ভূমিকম্পে বাংলাদেশ সেখানে চাল, ওষুধপত্র ও মেডিকেল টিম পাঠিয়েছিল।