রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন আদর্শ বাজার সিরাতুল মুসতাকিন নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার ৩ ছাত্র গত মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে নিখোঁজ হয়। গত ৭ দিন ধরে পরিবারের লোকজনসহ মাদ্রাসা কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে ওই ৩ ছাত্রের সন্ধান না পেয়ে শনিবার রাতে নিরুপায় হয়ে রাজারহাট থানায় জিডি দায়ের করা হয়েছে। খবর পেয়ে রাতেই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ ও ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক ঘটনাস্থল গিয়ে মাদ্রাসা মাঠে স্থানীয় লোকজন ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সদর ইউপির দক্ষিণ প্রাণপতি এলাকার আদর্শ বাজার সিরাতুল মুসতাকিন নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার ওই ৩ ছাত্র প্রতিদিনের ন্যায় মাদ্রাসা হতে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে রাতের খাবার খেতে যায়। ওই দিন খাবার খেয়ে তারা আর মাদ্রাসায় ফিরেনি। রাত গভীর হলে মাদ্রাসার হাফেজ মাও. মো. সিকান্দার আলী ওই ছাত্রদের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তাদের অভিভাবকরা জানায়, তারা খেয়ে মাদ্রাসা চলে গেছে। এর পরদিন থেকে নিখোঁজ ছাত্রদের পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাদের সন্ধানের জন্য দৌড়ঝাঁপ শুরু করে। নিখোঁজ ৩ ছাত্ররা হলো-দক্ষিণ প্রাণপতি এলাকার নবীউল্লার পুত্র আব্দুর রাজ্জাক (১২), একই এলাকার শহিদ মিয়ার পুত্র নূরমোহাম্মদ নিরব (১২) এবং শফিকুল ইসলামের পুত্র জুয়েল মিয়া (১৩)। মাদ্রাসার হাফেজ মাও. মো. সিকান্দার আলী বলেন, উক্ত মাদ্রাসার আলমারীতে চাঁদা আদায়ের প্রায় ২০ বান্ডিল রশিদ ছিল, ৩ ছাত্র নিখোঁজের পর থেকে আর রশিদ গুলো পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে তারা যাওয়ার সময় রশিদগুলো সঙ্গে নিয়ে গেছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ বলেন, মাদ্রাসার ৩ ছাত্রের নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে সদর ইউপি চেয়ারম্যান এনামুল হকসহ ঘটনাস্থলে গিয়েছি। নিখোঁজ ছাত্রের পরিবারের পক্ষ থেকে শনিবার রাতে থানায় একটি জিডি দায়ের করা হয়েছে।৩ ছাত্রকে উদ্ধারের জন্য বিভিন্ন থানায় ম্যাসেজ দেয়া হয়েছে। রাজারহাট থানার জিডি নং-৩১৬, তাং-০৮-০৮-২০১৫ ইং। ওই ৩ ছাত্রের পরিবারের অবিভাবকরা তাদের সন্তানদের খুঁজে পেতে খাওয়া-দাওয়া ছেড়ে বিভিন্ন জায়গায় হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। বর্তমান ৩টি পরিবারের লোকজনের নির্ঘুম রাত কাটছে। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ৩ ছাত্রের কোন সন্ধান মেলেনি।