সিসি নিউজ: নীলফামারীর জলঢাকায় দূর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ স্কুল শিক্ষক মাধবচন্দ্র রায় (৫০) মারা গেছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার রাত ১০টায় মারা গেছেন বলে পারিবারিক ভাবে নিশ্চিত করা হয়েছে।
গত রবিবার সকাল সোয়া ১০টার দিকে জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের মমিনুরের ডাঙ্গা নামক স্থানে র্দর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হয় স্কুল শিক্ষক মাধব চন্দ্র রায়। গুরুত্ব আহত অবস্থায় ওই শিক্ষককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাধব চন্দ্র রায় গোলমুন্ডা দ্বিমুখি উচ্চবিদ্যালয়ের সহকারি বিএসসি শিক্ষক ও গোলমুন্ডা চিলাই মৌজার মৃত কেশবচন্দ্র রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শী একই স্কুলের অপর সহকারি শিক্ষক রতেশ্বর রায় জানান, তিনি সহ মাধব চন্দ্র রায় প্রতিদিনের ন্যায় জলঢাকা উপজেলা শহরের বাড়ি থেকে একটি ব্যাটারীচালিত অটোতে স্কুল যাচ্ছিলেন। এ সময় একই অটোতে জলঢাকায় অপর ৪ অপরিচিত যুবক এসে উঠে। অটোটি যখন গোলমুন্ডার মমিনুরের ডাঙ্গানামক স্থানে এসে পৌচ্ছে ঠিক তখন অটোতে বসে থাকা ওই চার যুবকের মধ্যে এক যুবক পিস্তল বের করে মাধবচন্দ্র রায়ের প্রথমে পেটে ও পরে কপালে দুটি গুলি করে। এ সময় তিনি (রতেশ্বর ) অটো থেকে লাফিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। দুস্কৃতিকারীরা এ ঘটনা ঘটিয়ে উক্ত স্থানে আগে থেকে দুইজন মটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল। এ ঘটনার পর দুস্কৃতিকারীরা ওই দুই মটরসাইকেলে উঠে ডালিয়া সড়ক ধরে পালিয়ে যায়।
এলাকাবাসী ছুটে এসে গুলিবিদ্ধ শিক্ষক মাধবচন্দ্র রায়কে উদ্ধার করে প্রথমে জলঢাকা হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে। আজ শুক্রবার রাতে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।