কক্সবাজার: মিয়ানমারের জলসীমা থেকে সেদেশের নৌবাহিনীর হাতে উদ্ধারকৃতদের মধ্যে পঞ্চম দফায় ১২৫ বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে।
প্রায় ৩ মাস মিয়ানমার বন্দি থাকার পর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তাদের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম হাইস্কুল মাঠে আনা হয়।
এর আগে বেলা ১২টায় ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের তুম্বু টাউনের প্রশাসনিক ভবনে সে দেশের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে পতাকা বৈঠক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২০ সদস্যের একটি দল।
ফেরত আসাদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বাসযোগে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আনা হবে। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে অপ্রাপ্তবয়স্কদের আদালতের মাধ্যমে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হবে এবং অন্যদের আইএমওর সহযোগিতায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কক্সবাজার ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম রবি এসব তথ্য জানিয়েছেন।
এর আগে ৪ দফায় মোট ৫০১ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়।
গত ২১ মে বঙ্গোপসাগর থেকে ২০৮ জন ও ২৯ মে ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে মিয়ানমারের নৌবাহিনী।