লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ৬ষ্ঠ শ্রেণির ৭ ছাত্রী হঠাৎ জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অসুস্থরা হলো ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী তনিমা, সুবর্ণা, নাভিলা, রাবেয়া, তাসমিম, রাভিনা ও পারভিন। তাদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয় মাঠে ছাত্রীরা খেলাধুলা করছিলো। হঠাৎ দুতিন জন ছাত্রী জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। তাদের এ অবস্থা দেখে আরো কয়েকজন ছাত্রী অসুস্থ্য হয়ে পড়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর কাদের জানান, অসুস্থ হওয়া ছাত্রীরা সকালে বাড়ি থেকে কিছু না খেয়ে বিদ্যালয় আসে। যে কারণে তারা অসুস্থ হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ওই ক্লাসের (৬ষ্ঠ শ্রেণির) সব শিক্ষার্থীদেরকে ছুটি দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাশেদুর নবী বলেন, হঠাৎ করে কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়তে দেখে অন্যরাও অসুস্থ হয়ে পড়েছে। এটি একটি গণমানসিক ভয়ভীতিজনিত রোগ বলে ধারণা করা হয়। এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই।