সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের তেলিপাড়া সংলগ্ন তিস্তা সেচ নালার পাশ থেকে গোলাপী (১৮) নামে এক নববধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মৃতার স্বামী তুফানকে (২৪) আটক করেছে।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে নীলফামারী সদর উপজেলার চাপড়া নয়াপাড়ার নুর ইসলাম ওরফে পুন্ডুলের পুত্র তুফান শ্বশুড় বাড়ী থেকে তার নববিবাহিতা স্ত্রী গোলাপীকে নিয়ে নির্জন ওই পথ দিয়ে পায়ে হেঁটে বাড়ী ফিরছিল। সূত্রটি জানায়, রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে তুফান তার বোনের মোবাইল ফোনে তাদেরকে বাঁচানোর আকুতি জানালে পরিবারের লোকজন এলাকাবাসীকে ঘটনাস্থলে ছুটে আসে। এ সময় উদ্ধারকারীরা তুফানকে বিমূর্ষ অবস্থায় এবং পাশেই গোলাপীর রক্তাক্ত লাশ দেখতে পেয়ে থানায় অবহিত করে।
ওই সূত্রটি আরো জানায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গোলাপীর বাবার বাড়ী। সেখান থেকে বিকেলে বিআরটিসি বাস যোগে স্বামী-স্ত্রী সন্ধ্যায় সৈয়দপুরের খিয়ার জুম্মা নামক স্থানে নামে। সেখান থেকে ভ্যানযোগে ঘটনাস্থলের প্রায় ২শ গজ দূরে নেমে পায়ে হেঁটে বাড়ী ফিরছিল। তিনি জানান, প্রায় ৮মাস পূর্বে ঢাকায় গার্মেন্টেসে চাকুরীরত অবস্থায় উভয়ের মধ্যে পরিচয় ঘটে। আর এ পরিচয়ের মাধ্যমে তাদের বিয়ে হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন সিসি নিউজকে জানান, জিজ্ঞাসাবাদের জন্য মৃতার স্বামী তুফানকে আটক করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লাশের বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং প্রাথমিকভাবে ধর্ষনের কোন ঘটনা হিসেবে প্রতীয়মান হয়নি। লাশের ময়না তদন্তের রিপোর্ট পেলে এর প্রকৃত ঘটনা জানা যাবে।
তবে এ ব্যাপারে মৃতার পিত্রালয়ের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে একটি সূত্রে জানা গেছে।