দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরে গুলিভর্তি রিভালবারসহ মো. জাকির হোসেন নয়ন (২৭) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টায় শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকার নিজ বাড়ী থেকে তাকে আটক করে র্যাব। আটক জাকির বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকার কালু মিয়ার ছেলে।
র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মাহমুদ রাজু জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকার নিজ বাড়ি থেকে জাকিরকে আটক করে র্যাবের ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর একটি আভিযানিক দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।
মেজর মাহমুদ আরো জানান, আটক জাকির একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন স্থানে ভয়ভীতি, চাঁদাবাজীসহ সন্ত্রাসী কর্মকান্ডের পরিচালনা করে আসছিল ।
আটকের পর তার বাড়িতে তল্লাশী চালিয়ে উঠানে কাঁঠাল গাছের নিচে মাটির নিচে পুতে রাখা একটি রিভালবার, ৪ রাউন্ড গুলি ও ২ টি গুলির খোসা উদ্ধার করা হয়। আটক জাকিরকে কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।