সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার থেকে দু’জন আসামি আটক করে নিয়ে আসার পথে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ তাদের ছিনিয়ে নিয়েছে যুবলীগ নেতাকর্মীরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সারিঘাট বাজারে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় পুলিশ রাতেই যুবলীগের চারজনকে আটক করেছে বল স্থানীয় সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার দরবস্ত বাজার থেকে ভারতীয় মদসহ দু’জন আসামিকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশ। তাদের একজনের নাম জালাল, অন্যজন সুলতান। তবে তাদের ঠিকানা পুরোপুরি পাওয়া যায়নি।
পুলিশের গাড়ি সারিঘাট বাজারে পৌঁছামাত্র স্থানীয় যুবলীগ কর্মী মুন্নার নেতৃত্বে ওই গাড়িতে হামলা চালানো হয়। একপর্যায়ে হাতকড়া লাগানো অবস্থায়ই আটককৃত দু’আসামিকে ছিনিয়ে নেয় তারা।
পরে ছিনতাই হওয়া হাতকড়া উদ্ধার ও হামলাকারীদের ধরতে পুলিশ অভিযানে নামে। এ ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলা স্বেচ্চাসেবক লীগ কর্মী আশরাফ সিদ্দিকী, জামিল, জাকির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর ভাতিজা সোহেলর আহমদ। এরপর রাতেই সোহেলকে ছেড়ে দেয় পুলিশ।
তবে পুলিশ আসামি ছিনতাইয়ের ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলছে, ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার দুপুর পৌনে ১২টায় জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল কবির বলেন, ‘আসামি ছিনতাইয়ের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। তবে তাদের নাম এই মুহূর্তে বলতে পারছি না।’