মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয় উপজেলার পয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন তোফাকে (৪৫) ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে শিবালয় থানা এলাকা থেকে আটক করা হয়। তিনি উপজেলার তেওতা ইউনিয়নের ঠাকুরকান্দি গ্রামের তাজউদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে শিবালয় থানা এলাকা থেকে তোফাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
আটক তোফা তেওতা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (শিবালয় সার্কেল) হারুন-অর-রশীদ জানান, এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।