ঢাকা : আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর পরিবেশে ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (কনফিডেন্সিয়াল) মোঃ মনিরুজ্জামান দুর্গাপূজা উপলক্ষে গৃহিত সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সভাকে অবহিত করেন।
আইজিপি বলেন, প্রতিমা তৈরি, পূজা উদযাপন এবং প্রতিমা বিসর্জনসহ দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক ও সজাগ থেকে দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে কোন মহল যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ পূজা মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইজিপি বলেন, সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের বিস্তার ঘটায় দেশে প্রতিনিয়ত পূজা মন্ডপের সংখ্যা পূর্বের তুলনায় বাড়ছে। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।
পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দ বিগত বছরের ন্যায় এবারও দুর্গাপূজা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। তারা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে বলেন, হিন্দু সম্প্রদায় তাদের ধর্মীয় অনুষ্ঠানে পুলিশসহ সব নিরাপত্তা বাহিনীর সহযোগিতা পেয়ে আসছে। অতীতের ন্যায় এবারও পুলিশ বাহিনীর সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জিতেন্দ্রলাল ভৌমিক ও সাধারণ সম্পাদক নারায়ন সাহা মনি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক নির্মল চ্যাটার্ী ও যুগ্ম সাধারণ সম্পাদক মণীন্দ্র কুমার নাথ , পুলিশ স্টাফ কলেজের রেক্টর ফাতেমা বেগম, সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, অতিরিক্ত আইজিপি (এডমিন এন্ড অপস) মো. মোখলেসুর রহমান, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স এন্ড ডেভেলপমেন্ট) মো. আবুল কাশেম, ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী ১৪ অক্টোবর থেকে দুর্গাপূজার অনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। এ বছর রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রায় ২৮ হাজারের বেশি মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে।