মুন্সীগঞ্জ : ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখানের চালতিপাড়া এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে তিন যাত্রী নিহত ও ২০ যাত্রী আহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকার শিলা বেগম, একই এলাকার শিশু নাইন (১০), জেলার শ্রীনগর উপজেলার মজিদপুর-দয়াহাটা গ্রামের বাচ্চু মিয়া (৩২)।
আহতদের স্থানীয় হাসপাতাল ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান জানান, মুন্সীগঞ্জের লৌহজং থেকে ঢাকাগামী গাংচিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিরাজদিখানের চালতিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হয়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখানের চালতিপাড়া এলাকার রাস্তা অবরোধ করে উত্তেজিত জনতা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে বলে ওসি ইয়ারদৌস হাসান জানান।
দুর্ঘটনাস্থলে সেতুমন্ত্রী : সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মন্ত্রী ঘটনাস্থল যান।
এ সময় স্থানীয় জনতা গতিরোধক (স্প্রিডবেকার) নির্মাণের দাবি জানালে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কোন মন্তব্য না করে ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।