দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর পৌরসভায় বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভলপমেন্ট ফান্ড’র (বিএমডিএফ) অর্থায়নে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এসব উন্নয়ন কাজের অংশ হিসেবে শহরের রাজবাড়ী গেট এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় পৌরবাসির উদ্দেশ্যে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, পৌরবাসির টেক্সের টাকায় রাস্তা ও ড্রেন নির্মানের কাজ করা হচ্ছে। এক কোটি টাকার কাজের জন্য সরকারী ফান্ডে ১১ লাখ টাকা জমা দিতে হয়। পৌরসভায় ৬ কোটি টাকার উন্নয়ন কাজের জন্য প্রায় ৭০ লাখ টাকা সরকারী ফান্ডে জমা দিতে হয়েছে। এই টাকা পৌরবাসি টেক্সের টাকা। তাই আপনারা ঠিকাদারকে সহযোগিতা করবেন যাতে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের মান ভাল ও মজবুত হয়। নির্মাণ কাজে কেউ যেন কোন সমস্যা বা বাধার সৃষ্টি করতে না পারে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।
পরে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম রাজবাড়ী প্রধান ফটক গেট থেকে শেলশাহ মোড় পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, মহিলা কাউন্সিলর মাহমুদা খাতুন জোসনা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল হক, উপ-সহকারী প্রকৌশলী মো. ময়েজ উদ্দীন, সজল কুমার মন্ডল, সাবেক কাউন্সিলর মো. আজগর আলী, পৌরসভার কার্যসহকারী মো. আব্দুল সাত্তার, স্থানীয় আওয়ামী লীগ নেতা মীর ঘোষ, যুবলীগ নেতা মো. বেলাল হোসেন, বিএনপি নেতা মো. আব্দুল মান্নান সরকারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম মেডিকেল কলেজ মোড় এলাকায় একটি ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উল্লেখ্য, দিনাজপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার ও ড্রেন নির্মাণ কাজের জন্য বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভলপমেন্ট ফান্ড’র (বিএমডিএফ) অর্থায়নে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ হচ্ছে। এর মধ্যে প্রায় ১৫ হাজার মিটার রাস্তা ও ১ হাজার ৬শ’ মিটার ড্রেন রয়েছে। শহরের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন মহল্লার আভ্যন্তরিণ ছোট-বড় মিলিয়ে প্রায় ২৫টি রাস্তা ও কয়েকটি ড্রেন রয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান দিনাজপুর শহরের জেল রোডস্থ এমপিটি-এমইএইচ জেভি নির্মাণ প্রতিষ্ঠান এসব নির্মাণ কাজ সম্পন্ন করবে।