দিনাজপুর : দিনাজপুর সদরের শালকী সন্তোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনূর ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি তার স্কুলের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর ধর্ষণ মামলার প্রধান আসামি।
বৃহস্পতিবার দুপুরে প্রধান শিক্ষক শাহিনূর ইসলাম দিনাজপুর নারী ও শিশু নির্যাতন আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক আক্তার হোসেন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
কোতোয়ালি থানার ওসি খালেকুজ্জামান জানান, ধর্ষিতার মা বাদিনী রুমানা বেগমের অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক চলতি বছরের ৫ মে তারিখে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর আসামি শাহিনূর ইসলাম মাস্টার পলাতক ছিল। বৃহস্পতিবার আদালতে জামিনের জন্য এলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে ।