রংপুর: দুর্নীতি ও অনিয়মের অভিযোগে রংপুর সিটি করপোরেশনের (রসিক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বুধবার রসিক মেয়র সরফুউদ্দিন আহমেদ ঝন্টু লিখিতভাবে বরখাস্তের আদেশ দেন।
মেয়র স্বাক্ষরিত বরখাস্ত আদেশে বলা হয়, সিটি করপোরেশনের চলমান সিজিপি (সিটি গভর্নেন্স প্রজেক্ট),এমজিএসপি(মিউনিসিপ্যাল গভার্নেন্স সার্ভিসেস প্রজেক্ট) ও ইজিপি (ইলেট্রিক গভারমেন্ট প্রকিউরমেন্ট) দরপত্রের কার্যক্রমের মূল্যায়নসহ অন্যান্যবিষয়ে মেয়রকে অবহিত না করে তত্ত্বাবধায়ক প্রকৌশরলী নিজেই মূল্যায়ন করে তা ঢাকায় প্রকল্প পরিচালকের দফতরে পাঠান। এতে দেখা যায় প্রকৌশলী এমদাদ নিম্নদর দাখিল করা ঠিকাদারদের কাগজপত্র যাচাই না তাদের অযোগ্য ঘোষণা করে উচ্চ দরদাতা ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার জন্য তাদের কাগজপত্র মূল্যায়ন করে তা প্রকল্প পরিচালকের দফতরে পাঠান।
এছাড়া এমদাদ রংপুর পৌরসভায় নির্বাহী প্রকৌলীর দায়িত্ব পালনকালে শ্যামাসুন্দরী খাল সংস্কার প্রকল্পের কাজ সম্পন্ন করার আগেই সংশিষ্ট ঠিকাদারকে অগ্রিম টাকার প্রদান করেন।
মেয়র সরফুউদ্দিন আহমেদ ঝন্টু বলেন, তাকে অবহিত না করে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম করে প্রকৌশলী এমদাদ চাকরিবিধি লঙ্ঘনসহ অসদাচরণ করেছেন। যে কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানতে চাইলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন বলেন, বরখাস্তের আদেশ পেয়েছি। যথাযথ নিয়ম মেনেই প্রতিটি প্রকল্পের কাজ করা হয়েছে। এরপরও কেন বরখাস্ত করলেন জানি না।