সিসি ডেস্ক : সাগরে লঘুচাপের কারণে দেশের সমূদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হওয়ায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমূদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপটি বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশ থেকে অপসারিত হয়েছে। এদিকে মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণ ও উত্তর পূর্বাংশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে।
এ জন্য ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে অধিদপ্তর। একই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে পরবর্তী ৭২ ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে।
বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রাম জেলার হাতিয়ায় সর্বোচ্চ ৫৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গতকাল দেশের সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুর জেলার সৈয়দপুরে ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম তাপমাত্রা ছিল সিলেট জেলার সিলেট সদর এবং শ্রীমঙ্গলে ২৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।