বান্দরবান : বান্দরবানের রুমা উপজেলায় অপহৃত পর্যটকদের উদ্ধার অভিযানের সময় যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। এ ঘটনায় একজন গ্রাম পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। রুমা সীমান্তে রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
রুমা জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট রাফি জানান, সন্ত্রাসীদের সঙ্গে যৌথ বাহিনীর এখনো গোলাগুলি চলছে। সদর জোন থেকে হেলিকপ্টারযোগে ঘটনাস্থলে সৈনিক তলব করা হয়েছে। এদিকে দুপুর ১২টার পর বান্দরবান সদর জোন থেকে ছয় দফায় সেনা পাঠানো হয় রুমা সীমান্তে। পর্যটক ও গাইডসহ অপহৃত তিনজনকে উদ্ধারে এ অভিযান চলছে বলে জানা গেছে।
গত ৩ অক্টোবর জেলার রুমার রাইক্ষ্যং পুকুর পাড়া থেকে অপহৃত হন ঢাকার মিরপুরের পর্যটক জাকির মুন্না ও আবদুল্লাহ আল জুবায়ের এবং তাদের গাইড মাংসাইন্ডো। অপহরণকারীরা নিজেদের আরকান লিবারেশন পার্টি (এএলপি) পরিচয় দিয়ে অর্ধ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। জেলায় পর্যটন শিল্প বিকাশের পর পর্যটক অপহরণের ঘটনা এই প্রথম। ঘটনার পর থেকে এটি নিয়ে জেলার প্রশাসন জুড়ে তোলপাড় শুরু হয়।
গত শুক্রবার সকালেও পর্যটক উদ্ধার অভিযানে রুমা উপজেলার তাংজং পাড়া এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর গুলিবিনিময়ের ঘটনা ঘটে। সে সময় যৌথবাহিনী ১টি মার্ক টু-এসকে রাইফেল, ১টি হ্যান্ড গ্রেনেড, ৩টি ম্যাগজিন, ১টি ওয়াকিটকি ও ২০০ রাউন্ড গুলি ও অপহৃত এক পর্যটকের আইডি কার্ড উদ্ধার করা হয়।