দিনাজপুর প্রতিনিধি : হতদরিদ্র মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সকল জিও,এনজিও এবং সচেতন মানুষকে সম্মিলিত ভাবে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। স্বাস্থ্য সম্মত পরিবশে বজায় রাখতে দিনাজপুর পৌরসভা সবর্চ্চো প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই ৭ কোটি টাকার রাস্তা, ড্রেন নির্মান কাজ শুরু হয়েছে। ডেঙ্গু মশার আক্রমন থেকে পৌরবাসীকে রক্ষা করতে আগামী মাস থেকে মশক নিধন অভিযান শুরু করা হবে। পৌর এলাকার ১২টি ওয়ার্ডে বস্তি এলাকায় ৭০টি ল্যাট্রিন তৈরী করে দেয়া হয়েছে। এছাড়াও অনেক উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী মাসের মধ্যেই ৩৬টি রাস্তার নির্মান কাজ সম্পন্ন হবে ইনশাল্লাহ।
সোমবার (১৯ অক্টোবর) সকালে কারিতাস দিনাজপুর অঞ্চল চেহেলগাজী কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত স্বাস্থ্য সেবা সম্পর্কিত মতবিনিময় সভায় দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।
তিনি বলেন, কারিতাস দিনাজপুর অঞ্চল হতদরিদ্র মানুষের উন্নয়নে যে ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করছে তা প্রশংসার দাবীদার। আশাকরি কারিতাস তার অভিষ্ঠ লক্ষ্যে কাজ করে যাবে। সেই সাথে আজকের মতবিনিময় সভায় যে সব স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অংশ গ্রহন করেছে তারাও নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে গরীব ও দরিদ্র মানুষকে স্বাস্থ্য সেবা দিয়ে যাবে। দরিদ্র মানুষকে ঋন দিয়ে তা সঠিক ভাবে মনিটরিং না করলে দরিদ্র পরিবারটি আরো দরিদ্রে পরিনত হবে। ঋণের টাকা সঠিক কাজে লাগাতে ব্যর্থ হলে পরিনতি হবে উল্টো। সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
কারিতাস দিনাজপুর অঞ্চলের ম্যানেজার স্বপন রোজারীও’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার মি. রবি মার্ডি, দিনাজপুর ক্ষেত্রীপাড়ার মহিলা ও শিশু স্বাস্থ্য কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ও দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার মোঃ ইদ্রিস আলী, মমতা পল্লী উন্নয়নের নির্বাহী পরিচালক ইয়াকুব আলী প্রমুখ। মতবিনিময় সভায় মুল প্রতিবেদন উপস্থাপন করেন ভুটন মার্ডি ও সাবির্ক দায়িত্ব ছিলেন কারিতাসের মাঠ কর্মকর্তা সুরাইয় বেগম।
মতবিনিময় সভায় অংশ গ্রহন করে পল্লীশ্রী, এফপিএবি, মেরী ষ্টোপ, কাঞ্চন সমিতি, আরডিআরএস, মমতা পল্লী উন্নয়ন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সরকারী স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় সভায় সমাজের হতদরিদ্র পরিবারের মাতৃত্ব সেবাসহ সকল স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পরস্পর পরস্পরকে আন্তরিক সহযোগিতা করার অঙ্গীকার করেন।