সিসি নিউজ: মুসাহাক আলী টুলু (৪৫) নামের এক কৃষক দুর্বৃত্তের হাতে খুন হয়েছে। দুর্বৃত্তরা তার বামপাশের চোখটি তুলে নিয়ে গেছে।
বুধবার সকাল ১১টায় নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের একটি ধান ক্ষেত থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করে পুলিশ। খুনের শিকার ওই কৃষক উক্ত গ্রামের মৃত আলহাজ্ব জাফরান আলী বানিয়ার ছেলে।
পারিবারিক সুত্র মতে, মঙ্গলবার রাতের খাওয়া খেয়ে মুসাহাক আলী টুলু বাড়ির অদুরে নগর দারোয়ানী বাজারে যায়। এরপর আর রাতে বাড়ি ফিরে আসেনি। বুধবার সকালে পরিবারের লোকজন সহ এলাকাবাসী তার খোঁজে বের হলে বাড়ির এক হাজার গজ অদুরে একটি ধান ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে সকাল ১১টায় লাশ উদ্ধার করা হয়েছে। শরীরে দৃশ্যমান কোন আঘাতের চিহৃ পাওয়া না গেলেও বাম পাশের চোখটি নেই। ধারনা করা হচ্ছে হত্যাকারী দুর্বৃত্ত্বরা হয়তো চোখটি তুলে তাকে হত্যা করেছে। লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে।