সিসি ডেস্ক: জঙ্গি হামলার আশঙ্কায় সারাদেশের ৬৮টি কারাগারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কারা কতৃপক্ষ। বাড়ানো হয়েছে, সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা। এছাড়া কারাগার ঘিরে মাঠে নেমেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। সঙ্গে রয়েছে কারা গোয়েন্দা সদস্যরাও। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর আলম এ তথ্য নিম্চিত করে বলেন এই অবস্থা বেশ কয়েক দিন ধরেই চলছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, একের পর এক লেখক ব্লগার ও প্রকাশকদের উপর জঙ্গি হামলা, দুই বিদেশী হত্যা, হোসনে দালানের তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে কারাগার গুলোতেও জঙ্গিহামলার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ফলে কারাগারগুলোতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
কারাগার সূত্র জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের সকল কারাগারে নানা অনিয়ম এখন নিত্য দিনের ঘটনা। আর এ ধরনের অনিয়ম বন্ধে সম্প্রতি বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কারা কর্তৃপক্ষ।