সিলেট : সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী জাবেদকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বেলা ২টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে জকিগঞ্জ থানা পুলিশের এসআই শরীফ উদ্দিন ও সিরাজ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গোলাম রোকবানী জাবেদ জকিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী মস্তকিম আলী হায়দারকে পরাজিত করে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, গোলাম রোকবানী জাবেদের বিরুদ্ধে সিলেট ও জকিগঞ্জে বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে গাড়ি পোড়ানো ও নাশকতার মামলাও রয়েছে।