কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে কালি মন্দিরের প্রতিমা ভাংচুর ও স্বর্ণলংকার লুটপাটের ঘটনা ঘটেছে। দৃবৃর্ত্তরা বোমা সাদৃশ্য বস্তু ফাটিয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৩টার দিকে উপজেলার কালির হাট নামক স্থানের উত্তর মহেশপুর সিংরা কালি মন্দিরে।
মন্দির কমিটি ও প্রত্যেক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার রাতে কালি মন্দির প্রাঙ্গনে স্থানীয় পালা গান চলাকালীন সময় অতর্কিত ভাবে মন্দির এলাকায় ১০/১২ জন দূবৃর্ত্তরা কালি মন্দিরে প্রবেশ করে প্রতিমার মাথা ভাংচুর করে এবং প্রতিমার সাথে থাকা প্রায় ২০ ভরি স্বর্ণ ও আনুমানিক ১০ কেজি রুপা নিয়ে যায়। এসময় প্রত্যক্ষদর্শী ও পূজারীরা তাদেরকে আটক করার চেষ্টা করলে দূবৃর্ত্তরা রাম দায়ের আঘাতে ৪ জন আহত হয়। এরা হলেন, আষাড়– (৬৫), ধুনাই (৬০), রঞ্জিত কুমার রায় (৫০), ননী গোপাল দেবশর্মা (৪০)। এদেরকে দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল, ডিআইও-ওয়ান মোঃ রবিউল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু গোপেশ চন্দ্র রায়, সাধারন সম্পাদক রাজেন্দ্র দেবনাথ, ১নং ডাবোর ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ কুমার রায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারে নি এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ জানিয়েছেন।