চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় আরাফাত হোসেন (৫) নামে এক শিশুকে অপহরণের পর হত্যার দায়ে চারজনকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হক এনাম চৌধুরী এই রায় ঘোষণা করেন। রায়ে রাবেয়া বেগম নামের এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- মো. সুজন, মো. ফারুক, আনোয়ার হোসেন এবং ইদ্রিস মিয়া। তাদের মধ্যে সুজন পলাতক এবং অন্যরা জেল হাজতে রয়েছে।
ট্রাইব্যুনারের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইয়ুব খান বলেন, ‘হালিশহর আবাসিক এলাকার বাসিন্দা রিয়াজউদ্দিনের শিশু ছেলে ইয়াসিন আরাফাত আবিরকে অপহরণের পর হত্যার দায়ে চার আসামির মৃত্যুদণ্ড হয়েছে।’
পিপি জানান, ২০১২ সালের ১৭ ডিসেম্বর হালিশহর এলাকার একটি স্কুলের শিশু শ্রেণিরছাত্র ইয়াসির আরাফাত আবিরকে অপহরণ করে আসামিরা। অপহরণের সময় শিশুটির বয়স ছিল পাঁচ বছর চারমাস। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করলেও পরে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে তারা। ঘটনার পরদিন ১৮ ডিসেম্বর শিশুটির বাবা রিয়াজউদ্দিন বাদী হয়ে হালিশহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার চার্জশিট দাখিল করা হয় ২০১৩ সালের ২৪ অক্টোবর। মামলায় ২৮ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষগ্রহণ শেষে আদালত মঙ্গলবার রায় ঘোষণা করেন।