শরীফুল ইসলাম, চাঁদপুর: এসো মিলি মুক্তির মোহনায়-এ শ্লোগানকে সামনে রেখে এ বছর গৌরবের ২ যুগ পূতি হচ্ছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা। চাঁদপুরে ১৯৯২ সাল থেকে শুরু হয়ে আজও এর কার্যক্রম চলছে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। দেশব্যাপী চাঁদপুরের মেলার সুনাম ছড়িয়ে পড়েছে বহু আগেই। মঙ্গলবার ১ ডিসেম্বর বিকেল সোয়া ৩টায় বর্ণাঢ্য শোভাযাত্রা মাধ্যমে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার শুভ সূচনা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার শামসুন্নাহার।
এছাড়া আগামী ৩ ডিসেম্বর বিকেল ৩টায় মেলার উদ্বোধন করবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ড. শামছুল হক ভূঁইয়া এমপি, জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার, পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদ, জেলা জাতীয় পার্টির সভাপতি নরুল হক বাচ্চু মিয়াজী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান মো. শফিকুজ্জামান, শাহ সিমেন্ট ইন্ডাস্টিজ লিমিটেডের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর ফারুক আহমেদ মৃধা। সভাপতিত্ব করবেন বিজয় মেলা উদ্যাপন পরিষদের চেয়ারম্যান অ্যাড. জহিরুল ইসলাম ও পরিচালনা করবেন বিজয় মেলার মহাসচিব শহীদ পাটোয়ারী।