ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীনদের ইচ্ছাপূরণে নির্বাচন কমিশন ‘এডভান্স বুকিং প্রতিষ্ঠান’ হতে চলছে বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘প্রতিনিয়ত বিরোধী নেতাকর্মীদের গণগ্রেপ্তার করে প্রশাসনের নাকের ডগাতেই পৌর নির্বাচনে বারোটা বাজিয়ে দেয়ার পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা চলছে।’ শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
দীর্ঘ ১১ মাস কারাভোগের পর এটাই রিজভী আহমেদের প্রথম সংবাদ সম্মেলন। যে কারণে শুরুতেই অনেক দিন পরে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন সাবেক এই ছাত্রনেতা।
রিজভী বলেন, ‘২৩৫টি পৌরসভায় নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে নির্বিচারে গণগ্রেফতার চলছে। সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে বিএনপি ও জোটের নেতা-কর্মীদের প্রতিনিয়ত আটক করা হচ্ছে। এতে নির্বাচনী পরিবেশ নির্মল ও স্বচ্ছতার পরিবর্তে পুতিগন্ধময় হয়ে উঠেছে। সারাদেশে ভীতিকর পরিস্থিতি এখন বিরাজমান।’
তিনি বলেন, ‘এরকম পরিস্থিতি টিকিয়ে রেখে অবাধ ও স্বচ্ছ নির্বাচন কখনোই সম্ভব নয়। তাই প্রশাসনের নাকের ডগাতেই আগামী পৌর নির্বাচনে বারোটা বাজিয়ে দেয়ার পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা চলছে।
রিজভী অভিযোগ করে বলেন, ‘প্রতিনিয়ত মন্ত্রী-এমপি’রা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন, ইসি’র সতর্কতা উপেক্ষা করে মন্ত্রী এমপি’রা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। অথচ শোকজেই নিজের দায়িত্ব সীমাবদ্ধ রেখেছে নির্বাচন কমিশন। আগামী পৌর নির্বাচন নিয়ে সরকারের লাগামহীন লোভ চরিতার্থ করতে নির্বাচন কমিশন পূর্বের মতোই অনুগামীর ভূমিকা পালন করছেন। এজন্য কমিশনের উদ্দেশে আগেই বলেছিলাম- এই কমিশন যেন ক্ষমতাসীন গোষ্ঠীর ইচ্ছাপূরণে “এডভান্স বুকিং প্রতিষ্ঠান’ এ পরিণত না হয়।’
রিজভী দাবি করেন, ‘বিগত কয়েক বছরে ক্ষমতাসীন গোষ্ঠীর ভোট কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই ও ব্যালট পেপার পুড়িয়ে যেভাবে ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনগুলোকে বৈধতার সীল মোহরের ভূমিকা পালন করেছে এই কমিশন এবং সেই কৃতজ্ঞতায় সরকারের আশীর্বাদের যে ‘বিশাল শিরস্ত্রান’ মাথায় চাপিয়েছেন সেটি কমিশনের ঊর্দ্ধতন কর্মকর্তারা মাথায় শক্ত করে ধরে রেখেছেন নিজেদের চাকুরিকে নিরাপদ করার জন্য। এইভাবে যদি আগামী পৌর নির্বাচনেও নির্বাচন কমিশনের এইধরণের ন্যাক্কারজনক ভূমিকা অব্যাহত থাকে তাহলে বর্তমানে মৃতপ্রায় গণতন্ত্রের জানাজা পড়তে আর বেশি সময় লাগবে না।’
কমিশনের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী পৌরসভা নির্বাচন নিয়ে সরকারের অশুভ অপকর্মের সঙ্গে গাঁটছড়া বেধে নিজের আত্মা ও নীতিবোধকে কলঙ্কিত হতে দিবেন না। আর যদি ক্ষমতাসীন মহলের প্রদর্শিত পথ ধরেই হাঁটেন তাহলে ইতিহাসে আপনারা ধান্দাবাজ বলেই অবিহিত হবেন।’