মাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুর পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইমোমধ্যে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপার, অমোছনীয় কালীসহ নির্বাচনের অন্যান্য সামগ্রী প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে। বুধবার সকাল ৮টা হতে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
দিনাজপুর জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু রায়হান মিঞা সাংবাদিকদের জানান, পৌরসভা নির্বাচনের জন্য আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন, ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন। নির্বাচনী মালামাল বিতরণ চলছে। প্রিজাইডিং অফিসাররা এসে এসব মালামাল নিচ্ছেন। পুলিশ ও আনসারদের সহযোগিতায় এসব মালামাল ভোট কেন্দ্রে নিয়ে যাবেন। তারা (প্রিজাইডিং অফিসাররা) কেন্দ্রে ফিরে যাবার পর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের মাধ্যমে আমাদের পৌরসভা নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য আমরা সব ধরনের প্রচেষ্টা ও পদক্ষেপ গ্রহণ করেছি।
দিনাজপুর পৌসভায় এবারে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯ জন ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৫৫ জন প্রার্থী নিয়ে মোট ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫ মেয়র প্রার্থী হলেন- আওয়ামী লীগের মো. আনোয়ারুল ইসলাম দলীয় প্রতিক (নৌকা), বিএনপির প্রার্থী বর্তমান মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম দলীয় প্রতিক (ধানের শীষ), জাতীয় পার্টির মো. আব্দুল মোতালেব দলীয় প্রতিক (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মো. আলতাফ উদ্দীন (নারিকেল গাছ), ও মো. ফয়সল হাবিব সুমন (মোবাইল)।
এদিকে দিনাজপুর পৌরসভার ৪৯টি কেন্দ্রের মধ্যে ৪৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, ৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও মাত্র ১টি কেন্দ্র ঝুঁকিহীন বলে চিহ্ণিত করা হয়েছে।
উল্লেখ্য, এবারে দিনাজপুর পৌরসভার নির্বাচনে মোট ১ লাখ ১৬ হাজার ৭৯০ জন ভোটার ভোট প্রদান করবেন। এর মধ্যে ৫৭ হাজার ৯৩ জন পুরুষ ও ৫৯ হাজার ৬৯০ জন মহিলা ভোটার। মোট কেন্দ্র সংখ্যা ৪৯টি।