রংপুর: রংপুরের বদরগঞ্জে সরকার দলীয় মেয়র প্রার্থী উত্তম কুমার সাহার বিরুদ্ধে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে বিভিন্ন কেন্দ্র মহড়া দিচ্ছে। এমনকি ভোটকেন্দ্রে ঝামেলা করতে পারে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অধ্যাপক আজিজুল ইসলাম।
তিনি বুধবার সকালে বদরগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ে সাংবাদিকদের কাছে এ অভিযাগ করেন।
তিনি বলেন, আমার কাছে খবর আছে, উত্তম সাহার কর্মীরা আমার লোকজনদের হুমকি-ধামকি দিচ্ছে। বহিরাগত লোক নিয়ে এসেছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেন মেয়র প্রার্থী উত্তম শাহ।
এদিকে রংপুর বিভাগের ২০টি পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট শুরু হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ২০টি পৌরসভার ৩৩৮টি কেন্দ্রকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। আর ভোটযুদ্ধে লড়ছেন ১০৫ জন মেয়র, ২৭৩ জন মহিলা কাউন্সিলর ও ৮৩৮ জন সাধারণ কাউন্সিলর।
সকালে রংপুর মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছে আওয়ামী লীগ সমরথিত প্রার্থী উত্তম কুমার সাহা ও জাতীয় প্রার্থী লাতিফুল খবির, অধ্যাপক আজিজুল ইসলাম । তারা ভোট সুষ্ঠুভাবে হচ্ছে, হবে এমন দাবি করে নিজেদের বিজয়ের ব্যপারে আশাবাদী।
বদরগঞ্জের ৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৪টি ঘুরে দেখা গেছে, এখনও ভোটার উপস্থিতি কম। তবে যা আছে সব নারী ভোটার।