রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাটে প্রেমিক জুটি আপত্তিকর অবস্থায় এলাকাবাসীর হাতে আটক হয়েছে। খবর পেয়ে একদল যুবক এসে প্রেমিক রাশেদুল ইসলাম (২২) কে ছিনিয়ে নিয়ে যায়। নিরুপায় হয়ে স্থানীয় লোকজন প্রেমিকা খাদিজা আক্তারকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট সোপর্দ করার খবর পাওয়া গেছে। রাতভর রফাদফা পূর্বক ৩০ হাজার টাকার বিনিময়ে প্রেমিক রাশেদুলকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে চাকিরপশার তালুক এলাকায় মনছুর আলীর বাড়িতে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাকিরপশার তালুক এলাকার বাসিন্দা ও রাজারহাট বাজারের ফটোস্ট্যাট ব্যবসায়ী মনছুর আলীর পৈত্রিক বাড়িতে বুধবার দুপুরে রাজারহাট উপজেলার পাইকপাড়া এলাকার মকবুল হোসেনের পুত্র রাশেদুল ইসলামের সঙ্গে পার্শ্ববর্তী কাঁঠালবাড়ী ইউপির শিবরাম প্রামাণিকটারী এলাকার খলিলুর রহমানের কলেজ পড়ুয়া কন্যা খাদিজা আক্তার (১৮) এর সঙ্গে দীর্ঘ ৭ মাস ধরে প্রেম চলে আসছিল। এরই সূত্র ধরে বুধবার দুপুরে প্রেমিক রাশেদুল তার মামার বন্ধু মনছুর আলীর বাড়িতে প্রেমিকা খাদিজাকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে আসে। এরপর ওই বাড়িতে তারা দুজন আপত্তিকর মেলামেশারত অবস্থায় এলাকাবাসী তাদের আটক করে। খবর পেয়ে স্থানীয় একদল বখাটে যুবক ঘটনাস্থলে পৌঁছে প্রেমিক রাশেদুলকে নিয়ে সটকে পড়ে। পরে রাতভর রফাদফা পূর্বক ৩০ হাজার টাকার বিনিময়ে ওই প্রেমিককে ছেড়ে দেয়া হয়। স্থানীয় চাকিরপশার ইউপি চেয়ারম্যান জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পী বলেন, এলাকাবাসী কর্তৃক উদ্ধারকৃত প্রেমিকা খাদিজা আক্তারকে বুধবার রাতেই তার পরিবারের লোকজন এলে তাদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। রাজারহাট থানার ভারপ্রাপ্ত ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী এ প্রতিনিধিকে বলেন, মনছুর আলীর ওই বাড়িটিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে আসা যুবক-যুবতীদের রাত্রী যাপন করতে দেখা গেছে। বাড়ির মালিক মনছুর আলীর ০১৭৪৪৭৯২৭৩৩ নম্বরের মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাশেদুলের মামা আমার বন্ধু হওয়ার সুবাদে তারা এসেছিল। এলাকাবাসীর অভিযোগ সঠিক নয় বলে তিনি কৌশলে ফোনটি কেটে দেন।