বিনোদন ডেস্ক : ‘মেরা দিল ভি কিতনা পাগল হে’, ‘জিয়ে তো জিয়ে কেইসে’, ‘পারদেশী পারদেশী’, ‘পেহলি পেহলি বার’, ‘ও জানা না যানা’, ‘যাদুগর’-এর মতো জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী কুমার শানু ঢাকায় আসছেন। ৩০ জানুয়ারি সকালে ‘কুমার শানু লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টে যোগ দিতে ঢাকায় আসছেন তিনি।
এই দিন বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নব রাত্রী হলে এ শিল্পীর একক কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টের আয়োজন করেছে ‘বে এন্টারটেইনমেন্ট’। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৭ টায় এবং চলবে রাত ১১টা পর্যন্ত।
জনপ্রিয় এ শিল্পী বলিউডের অসংখ্য জনপ্রিয় সিনেমার গানের প্লেব্যাক করেছেন। এ ছাড়া তার অনেক জনপ্রিয় বাংলা গানও রয়েছে।
‘কুমার শানু লাইভ ইন ঢাকা’ কনসার্টে প্লাটিনাম, গোল্ড ও সিলভার তিনটি ক্যাটাগরিতে টিকেটের ব্যবস্থা করা হয়েছে। টিকেটের মূল্য রাখা হয়েছে যথাক্রমে ৫ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকা।
অনুষ্ঠানটির দায়িত্বে থাকা ‘বে এন্টারটেইনমেন্ট’-এর মিডিয়া বিভাগের প্রধান আফরিদ হাসান জানান, ‘সবকিছু ঠিক থাকলে ৩০ জানুয়ারি সকালে ঢাকায় এসে পৌঁছাবেন কুমার শানু। বিশ্রামের জন্য তিনি উঠবেন ওয়েস্টিন হোটেলে। সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চে উঠবেন কুমার শানু। কনসার্ট চলবে রাত সাড়ে ১১টা পর্যন্ত। অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে বে এন্টারটেইনমেন্ট।’
জমকালে এ অনুষ্ঠানের টিকিট পাওয়া যাবে রাজধানীর সব স্বপ্ন সুপারশপ, আলমাসের গুলশান ব্রাঞ্চ , এবাকাস রেষ্টুরেন্ট(গুলশান), নর্থ ওয়েস্ট এভিয়েশনের গুলশান ব্রাঞ্চ ও টিকেট চাই ডটকমে। এছাড়া ভিআইপি টিকিট ও বাল্ক টিকিট সংগ্রহের জন্য যোগাযোগ করা যাবে ০১৭০৭৭৭৮৮৮৯ ও ০১৭৮৭৭৪৮৩১২ নম্বরে।