রংপুর : রংপুরে প্রচণ্ড শৈত্য প্রবাহে জনজীবন অচল হয়ে পড়েছে। একইসঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জনপদ। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
রংপুরের আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল সালাম তাপ মাত্রার বিষয়টি নিশ্চিত করেন।
ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
এদিকে প্রচণ্ড শীতের কারণে সবচেয়ে বিপাকে পড়েছে সহায়-সম্বলহীন হতদরিদ্র লোকজন। শীত বস্ত্রের অভাবে তারা চরম দুর্ভোগে পড়েছে। শীতের কারণে কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাস কষ্টসহ নানা রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
রংপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম জানান, মূলত শিশুরাই শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়। এবার কোল্ড ডায়রিয়া আর নিউমানিয়ায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। শিশুদের গরম কাপড় পরানো এবং সকালে ও সন্ধ্যার পর তাদের ঘরের বাইরে বের না করার পরামর্শ দেন তিনি।