ঢাকা: পৌরসভা নির্বাচনে সংসদ সদস্যদের প্রচারণার কেন সুযোগ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার সচিব, সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নুরুল ইসলাম সুজন এমপি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার।
এর আগে গত সপ্তাহে পৌরসভা নির্বাচন বিধিমালা-২০১৫ এর বিধি ২ (১২ ও ২২) ধারা চ্যালেজ্ঞ করে আইনজীবী এ কে এম নুরুন্নবী হাইকোর্টে রিট আবেদন করেন। এসব ধারায় সংসদ সদস্যদের প্রচারণার সুযোগ রাখা হয়নি।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার বলেন, আবেদনকারীরা বলেছেন স্পিকার, মন্ত্রী পরিষদের সদস্যদের পদ লাভজনক। কিন্তু সংসদ সদস্যদের পদ লাভজনক নয়। এরপর আদালত রুল জারি করেছেন।
আবেদনকারীর দাবি, সংসদ সদস্যদের পদ লাভজনক নয়। তাই সংসদ সদস্যরা পৌর নির্বাচনে যে কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে পারে। বিষয়টি উল্লেখ করে রিট আবেদনটি দায়ের করা হয়।