মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী : বন বিভাগ দিনাজপুরের চরকাই(বিরামপুর) রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তার বিরুদ্ধে বন উজাড়ের অভিযোগ বন সংরক্ষক উত্তর অঞ্চলের নিকট দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়েছে উপরোক্ত ২ কর্মকর্তা অর্থের বিনিময়ে বনের গাছ কাটতে ও জমি বেদখল করতে সহায়তা করে যাচ্ছে। অভিযোগকারীরা চুরি করে কাটা গাছ তাদেরকে ধরে দিলেও তা মামলা না দিয়ে জিম্মা রেখে পরে বিক্রি করে দেন। উপজেলার কালিশহর মৌজার ধানজুড়ি গ্রামের বটতলী পিপি’র প্রয়াগপুর বিটের নয়ানী খোশালপুর মিশন জঙ্গল, গুচ্ছগ্রাম এলাকায় ওই সব গাছকাটা ও জায়গা দখল দেয়ার ঘটনা ঘটেছে। ধানজুড়ি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে নতুন করে ঘর করার সুযোগ করে দেয়া হয়েছে। অভিযোগকারীদের ওই কর্মকর্তাগণ নানা প্রকার হুমকি প্রদান করছেন। বিষয়টি নিয়ে বন সংরক্ষক মাহামুদ হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ পেয়েছেন এবং সেটি তদন্ত করে দেখা হবে বলে জানান।