হবিগঞ্জ: হবিগঞ্জ শহরতলির ছোট বহুলা গ্রামে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হওয়ার জেরে ২৫ বাড়িতে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষের লোকজন।
খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার ছোট বহুলা গ্রামের বড় বাড়ির আতাব আলীর ছেলে আব্দুল আজিজের সঙ্গে একই গ্রামের ফকির বাড়ির জালাল উদ্দিনের ছেলে কুতুব উদ্দিনের পূর্ববিরোধ রয়েছে। এর জেরে গত ১৯ ফেব্রুয়ারি প্রতিপক্ষের লোকজন আজিজকে কুপিয়ে একটি হাত বিচ্ছিন্ন করে।
গুরুতর আহত অবস্থায় আজিজ সিলেটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে আব্দুল আজিজের লোকজন প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ করে।
এ সময় প্রায় ২৫টি বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত হওয়ার জেরে অগ্নিসংযোগ করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।