সিরাজগঞ্জ : জামালপুরে ট্যাংকলরিসহ চালককে আটকের প্রতিবাদে ধর্মঘট কর্মসূচি পালন করছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।
বুধবার সকাল থেকে ধর্মঘট পালনের কারণে সিরাজগঞ্জের বাঘাবাড়ি উত্তরাঞ্চল ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে।
উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান সিরাজ বলেন, মঙ্গলবার রাতে ট্যাংকলরিসহ চালক সাইফুল ইসলামকে বিনা অপরাধে আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ। তার মুক্তির জন্য পুলিশকে অনুরোধ করলেও তারা শোনেনি। তাই বুধবার সকাল থেকেই আমরা কাজে যোগ দেইনি। ফলে উত্তরবঙ্গসহ আশপাশের জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। আটক লরিচালকের মুক্তি না দেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হক এ তথ্য নিশ্চিত করে জানান, লরির এক চালককে আটক করায় শ্রমিকরা তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। বিষয়টি মীমাংসার প্রক্রিয়া চলছে।
বাঘাবাড়ি যমুনা ওয়েল কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আজিজ জানান, বর্তমানে বোরো আবাদের এই মৌসুমে পেট্রোল, ডিজেল, কেরোসিন ও অকটেন মিলে প্রায় ২০ লাখ লিটার তেল উত্তরবঙ্গে সরবরাহ হলেও বুধবার সকাল থেকে শ্রমিক ধর্মঘটের কারণে সরবরাহ করা যাচ্ছে না। তাই কার্যত বন্ধ হয়ে পড়েছে পদ্মা, মেঘনা ও যমুনা ওয়েল কোম্পানির বাঘাবাড়ি ডিপোগুলো।