গাইবান্ধা: দেশে আর জঙ্গিবাদ দেখতে চায় না সরকার। পাশাপাশি কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলেও কড়া হুঁশিয়ারী উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।তিনি বলেন, বিএনপি নেত্রী দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়। তিনি যুদ্ধাপরাধীদের বাঁচাতে একের পর এক মানুষ হত্যা করে চলেছেন। তিনি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। তিনি শান্তি চান না। সন্ত্রাসী কর্মকাণ্ডই তার কাছে বেশি প্রিয়। তিনি বাংলাদেশে না থেকে পাকিস্তানে চলে যেতে পারেন।
তিনি বলেন, উনি (খালেদা জিয়া) ভোট বন্ধ করতে চেয়েছিলেন। কিন্তু পারেন নি। দেশের মানুষ উনার নির্দেশকে উপেক্ষা করে ভোট দিয়েছে।
খালেদা জিয়ার জন্মদিন নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্কুলে ভর্তির সময় উনার জন্ম তারিখ একটা, বিয়ের সময় একটা, পাসপোর্টে একটা এবং জাতির পিতার শাহাদাতবার্ষিকী ১৫ আগস্টেও উনার জন্ম দিন। শুধু নিজের নয়, তার স্বামীর জন্ম তারিখও উনি বদলে ফেলেছেন। জিয়াউর রহমানের জন্ম তারিখ ১৯ জানুয়ারি কিন্তু উনি বললেন ১৮ জানুয়ারি।
এর আগে গাইবান্ধা সার্কিট হাইজে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের পর সহিংসতার নামে বিএনপি ও জামায়াত সারাদেশে যা করেছে তা জঙ্গিবাদি তৎপরতা ছাড়া আর কিছুই না। তারা আন্দোলনের নামে সারাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে। নাশকতার সঙ্গে জড়িত কাউকেই ছাড়া হবে না।
প্রধানমন্ত্রী আজ বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীদের হামলায় নিহত ও আহত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তার ১৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে।
বিকেলে শেখ হাসিনা শাহ আবদুল হামিদ স্টেডিয়ামে ফলক উন্মোচনের মাধ্যমে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, গাইবান্ধা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, প্রতিটি ১ হাজার টন ধারণ ক্ষমতাসম্পন্ন ৬টি খাদ্যগুদাম, সাঘাটা, পলাশবাড়ি ও সুন্দরগঞ্জ উপজেলায় ৩১ শয্যার হাসপাতাল ৫০ শয্যায় উন্নীত ও জেলায় ইপিআই স্টোরের উদ্বোধন করবেন।
এছাড়া প্রধানমন্ত্রী পলাশবাড়ি ও ফুলছড়ি থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স, গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র, গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং গাইবান্ধা শাহ আবদুল হামিদ স্টেডিয়ামের গ্যালারি সম্প্রসারণ, সুন্দরগঞ্জ-চিলমারী সড়কে তিস্তা নদীর উপর ১৪৯০ মিটার পিসি গার্ডার সেতু এবং সাঘাটা উপজেলায় বোনারপাড়া ইউপি অফিস-রামনগর বাজার সড়কে কাটাখালি নদীর উপর ৩৬০ মিটার পিসি গার্ডার সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন।