সিসি নিউজ: আজ সোমবার সকালে নীলফামারী রেল ষ্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী নীলসাগর ট্রেনের ছাদে এক যুবকের লাশ পাওয়া গেছে। উদ্ধার করা যুবকের পকেটে কাগজে লেখা একটি মোবাইল নম্বরে ফোন করে তার এক আত্মীয় কাছে জানা গেছে উদ্ধারকৃত যুবকের নাম ইউসুফ, বাড়ী দিনাজপুর জেলার বিরল উপজেলার ছড়কবাদ গ্রামে। তার পিতার নাম এজাম উদ্দীন। ২২ থেকে ২৪ বছর বয়সী যুবকের পরণে কালো রংয়ের প্যান্ট ও জ্যাকেট ছিল। তার নাক দিয়ে রক্ত পড়ছিল।
নীলসাগর ট্রেনের পরিচালক ইমান হাসান জানায়, রোববার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর ট্রেনটি সোমবার রাত তিনটার সময় নীলফামারী রেল ষ্টেশনে পৌছে। এ সময় ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় “ছ” নম্বর বগির ছাদে যুবকের লাশটি নজরে পরে। পরে লাশটি ষ্টেশনে নেমে দেয়া হয় বলে জানান তিনি।