
ঢাকা: প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বীরবিক্রম বলেছেন, কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ প্রকল্প দ্রুততম সময়েই বাস্তবায়ন করা হবে। সুন্দরবন ও এর আশপাশের এলাকায় বসবাসকারী মানুষ এবং পরিবেশের বিষয়টি বিবেচনায় রেখেই প্রকল্পের কাজ এগিয়ে নেব। রোববার বিদ্যুৎ ভবনে আয়োজিত ‘বাংলাদেশে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন : পৃথিবীর সর্বোত্তম পদ্ধতি অনুসরণ’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। তৌফিক-ই-এলাহী বলেন, খুব সচেতনভাবে আমরা কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কাজ এগিয়ে নেব। এ প্রকল্পের কারণে পরিবেশের কোনো ক্ষতি হবে না এমন প্রযুক্তিও পৃথিবীতে আছে। রামপালে বিদ্যুৎ প্রকল্পের জন্য স্থানীয়রাও খুব খুশি বলে জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি বলেন, দেশের মানুষ এবং পরিবেশের বিষয় খেয়াল রেখেই কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প করা হবে। দেশ এখন উন্নয়নের পথে এগিয়ে যাবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়রে (বুয়েট) অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন বলেন, এ প্রকল্প বাস্তবায়নে ওই এলাকা তেমনটা ক্ষতিগ্রস্ত হবে না। তবে যে পদ্ধতিতে এটি করা হবে বলা হচ্ছে, তা কতটুকু মেনে চলা হবে এ নিয়ে শঙ্কা রয়েছে। তাই প্রকল্পটি সুন্দরবন থেকে আরেকটু দূরে করলে ভালো হতো।
এদিকে রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন হলে পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলবে বলে মত দিয়েছেন পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান। অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান এ আর খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. দিল আফরোজ, পরিবেশ অধিদফতরের পরিচালক ড. সুলতান আহমেদ, সাংবাদিক অরূন কর্মকার, মোল্লা আমজাদ প্রমুখ।