দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরে গুলিভর্তি পিস্তলসহ সুদান সালাউদ্দীন ( ২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে শহরের মিশন রোডস্থ নিজ বাড়ীর সামনে থেকে ভারতীয় তৈরী ৭.৬২বার মডেলের একটি ও ৬ রাউন্ড তাজা গুলিসহ তাকে আটক করে কোতয়ালী থানা পুলিশ।
আটক যুবক সুদান সালাউদ্দীন দিনাজপুরের শীর্ষ সন্ত্রাসী মৃত আলাউদ্দীন আলু’র ভাতীজা ও আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান সালাউদ্দীনের ছেলে।
দিনাজপুর কোতয়ালী থানার এএসআই রফিক ও আব্দুস সোবাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টা থেকে মিশন রোডস্থ এলাকায় সাদা পুলিশের লোকজন সুদানকে আটকের জন্য ওতপেথে থাকে। বাড়ী থেকে বের হওয়ার সাথে সাথে পুলিশ তাকে অস্ত্রসহ আটক করে। তারা আরো জানান, গত দু’দিন আগে সদরের পুলহাট এলাকায় দিনের বেলায় পিস্তল ঠেকিয়ে সুদানসহ তার কয়েক বন্ধু ৬ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় টাকা ছিনতাই, মারামারিসহ কয়েকটি মামলা রয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন পিস্তল ও ৬ রাউন্ড তাজা গুলিসহ সুদান সালাউদ্দীনকে আটকের সংবাদ নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।