ঢাকা: মধ্যবর্তী নির্বাচনের দাবি উড়িয়ে দিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। পাঁচ বছর মেয়াদ পূরণ করবে তারা। সেই হিসেবে ২০১৯ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বুধবার সন্ধ্যায় দলের এই কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। গণভবনে কার্যনির্বাহী কমিটির বৈঠকের শুরুতে তিনি বলেন, পাঁচ বছর পর একাদশ সংসদ নির্বাচন হবে এবং তা হবে বর্তমান সংবিধানের আলোকেই। কোনো চাপের কাছে মাথা নত করে সংবিধান সংশোধন করা হবে না। সংবিধান অনুযায়ী সরকারের মেয়াদকাল ২০১৯ সালের ২৮ জানুয়ারি। এর আগে ক্ষমতা ছাড়ার কোনো ইচ্ছা নেই বলেও জানিয়ে দেন এলজিআরডি মন্ত্রী। সৈয়দ আশরাফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে কাজ শুরু করেছেন তাতে পেছনে ফিরে থাকানোর কোনো সুযোগ নেই। আমরা পাঁচ বছরই ক্ষমতায় থাকবো। ৫ জানুয়ারিতে বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনের পর থেকেই মধ্যবর্তী নির্বাচনের দাবি ওঠে। বিএনপির পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বেশ কয়েকটি দেশের ওই দাবি উড়িয়ে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।