আন্তর্জাতিক ডেস্ক: ওসামা বিন লাদেনকে হত্যার গোপন অভিযানের নতুন তথ্য ফাঁস হয়েছে। পাকিস্তানের অ্যাবোটাবাদে চালানো ‘অপারেশন নেপচুন স্পিয়ার’ নামের ওই অভিযানে অংশ নেয়া মার্কিন নেভি সিল ৬ -এর সদস্যদের সবার কাছে বিশেষ নির্দেশ গিয়েছিল৷ অভিযানের সব ছবি, বিশেষ করে লাদেনের দেহের ছবি নষ্ট করে ফেলার হুকুম দিয়ে ওয়াশিংটন থেকে ইমেইল পাঠানো হয়েছিল।
সম্প্রতি তথ্য জানার অধিকার প্রয়োগ করে মার্কিন এক বিচার বিভাগীয় সংস্থা দেশটির প্রতিরক্ষা বিভাগ থেকে ইমেলগুলোর বিষয়ে জানতে পেরেছে৷
দীর্ঘদেহী সৌদি সন্ত্রাসবাদীকে হত্যার আয়োজনে ত্রুটি রাখেননি অ্যাডমিরাল উইলিয়াম ম্যাকর্যাভেন৷ কিন্ত্ত পোড় খাওয়া এই মার্কিন সেনাপতি জানতেন, দুনিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার শীর্ষস্থানে থাকা ব্যক্তির শেষ শয়ানের ছবি তোলার লোভ সামলাতে পারবে না তাঁর বাছাই করা কম্যান্ডোবাহিনীর অনেকেই৷
সন্দেহ অমূলক ছিল না৷ তাই ওয়াজিরিস্তান ভবনে অভিযান চালানোর ১১ দিন পর ইউনিটের প্রতিটি কম্যান্ডোর কাছেই গিয়েছিল বিশেষ ইমেল৷ ভাষা অত্যন্ত স্পষ্ট এবং চাঁচাছোলা৷ কাউকেই নামে সম্বোধন করা হয়নি৷ ইমেলে লেখা ছিল, অভিযানে অংশগ্রহণকারীরা যেন প্রত্যেকেই ওসামা বিন লাদেনের শেষ কয়েক ঘণ্টার প্রতিটি ছবি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র হাতে তুলে দেন অথবা নিজেরাই নষ্ট করে দেন৷
বিশেষ প্রযুক্তি ব্যবহার করে এতদিন ইমেলের উত্স একেবারেই গোপন রাখা হয়েছিল। কিন্তু সম্প্রতি তা বেরিয়ে আসে।