গাইবান্ধা: গাইবান্ধায় পিকনিকের বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২০ জন।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে গাইবান্ধা শহরের ফলিয়ায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
থানীয় সূত্রে জানা গেছে, সকালে জেলা শহরের কঞ্চিপাড়া মাদরাসার ছাত্র-ছাত্রীরা বাসে করে দিনাজপুরের স্বপ্নপুরীতে পিকনিকে যায়। রাত সাড়ে ৮টার দিকে পিকনিক থেকে ফেরার পথে ফলিয়ায় তাদের বাসটি দুর্ঘটনার শিকার হয়। এসময় বাসটি উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। এসময় আহত হয় আরো অন্তত ২০ জন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার কাজ চলছে। এর আগে ১৫ ফেব্রুয়ারি যশোরে পিকনিকের বাস উল্টে ৮ শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনায় শোকের রেশ না কাটতেই এবার গাইবান্ধায় পিকনিক থেকে ফেরা শিশু শিক্ষার্থীরা বাস দুর্ঘটনার শিকার হল।