হাসান মাহমুদ, লালমনিরহাট: হাইকোটের নির্দেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের রসুলপুর গ্রামে এক হিন্দু পরিবারের সম্পত্তি জোর পুর্বক দখলের ঘটনায় উচ্চ আদালতের বেঁধে দেওয়া ৪৮ ঘন্টা সময় পেরিয়ে গেলেও দখলবাজ ঐ নেতাদের গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ।
জানা গেছে, গত মঙ্গলবার সন্ধায় এ ঘটনার সাথে জড়িত আনার খাঁ ও সুলতান খাঁ নামের দুই ভাইকে গ্রেপ্তার করেছে পাটগ্রাম থানা পুলিশ। তবে ঘটনার প্রধান হোতা বাউড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি রাবিউল ইসলাম মিরন, ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম ও যুবলীগের সভাপতি মুকুল হোসেন এখনো রয়েছে ধরা ছোয়ার বাইরে। জমি দখল ও জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার ঘটনায় গত ২ মার্চ বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশের পর হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশ নামের একটি মানবাধিকার সংস্থা হাইকোর্টে একটি রিট আবেদন করে। গত ১০ মার্চ সোমবার রিটের শুনানী শেষে হাইকোর্ট বেঞ্চের বিচারপতি কাজী রেজাউল হক ও এবিএম আলতাফ হোসেন ৪৮ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের নির্দেশ দেয় পুলিশ প্রশাসন কে।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি ওই গ্রামে আ’লীগ নেতা রবিউল ইসলাম, নজরুল ইসলাম ও যুবলীগ নেতা মুকুল হোসেন তার দলবলসহ জোড়পুর্বক দরিদ্র হিন্দু পরিবার ভবানী কান্ত এর ৩২ শতাংশ জায়গা দখল করে স্থাপনা নির্মান করে। ওই দিন রাতে ভবানী ও তার দুই নাবালক ছেলেকে বাড়ী থেকে জোড়পুর্বক উঠিয়ে নিয়ে একটি নন-জুডিশিয়াল সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয় তারা।