রংপুর: স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রংপুর শহরের কামাল কাছনা এলাকায়। বুধবার সকাল ১০টায় নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমা ওই এলাকার জাহাঙ্গীর আলম রাশেদের (৩৫) স্ত্রী।
রাশেদের বাবা মগরেব মিয়া জানান, রাশেদ মাদকাসক্ত। বছর দুয়েক আগে সে আরেকটি বিয়ে করে অন্যত্র থাকে। মঙ্গলবার রাতে রাশেদ মাতাল অবস্থায় বাড়িতে আসে। মধ্যরাতে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রীকে মারধরও করে। সকাল ৯টায় সুমাকে দেখতে না পেয়ে ঘরে গিয়ে বিছানায় লাশ দেখতে পাই। পরে পুলিশে খবর দেই।
কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, লাশের মুখে বালিশ চাপা দেয়া ছিল। ধারণা করা হচ্ছে বালিশ চাপা দিয়েই সুমাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের রাশেদ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।