আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী চাংসায় ছুরি নিয়ে একদল লোকের হামলায় অন্ততপক্ষে ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে এই হামলা চালানো হয়। বিবিসির খবরে বলা হয়, পুলিশের গুলিতে হামলাকারীদের একজন নিহত হয়েছেন।
১ মার্চ ইউনান প্রদেশে ছুরি হাতে হামলাকারীদের হামলায় ২৯ জন নিহত ও ১৪৩ জন আহত হন। এরপর থেকে এ ধরনের হামলার ব্যাপারে দেশটি সতর্কাবস্থায় রয়েছে। তবে শুক্রবারের হামলার কারণ সম্পর্কে যথাযথ কোনকিছু জানা সম্ভব হয়নি।
চাংসার অজ্ঞাত এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, “আমি আপনাকে নিশ্চিত করে বলছি এটি কোন সন্ত্রাসী হামলা নয়। একটি বাজারে তর্কাতর্কি থেকে এ ঘটনার সূত্রপাত।”
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, একজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন, একজনকে আটক করা হয়েছে এবং বাকি তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এ থেকে ধারণা করা হচ্ছে হামলাকারীর সংখ্যা ছিল ৫ জন।