ঢাকা: বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপির ঘোষিত কর্মসূচি উপলক্ষে ঢাকার বিভিন্ন থানায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। রাজধানীর বংশাল, আরমানীটোলা, দোলাইখাল, খিলগাঁও, শাজাহানপুর, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে তারা।
আরমানীটোলায় বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হেসেনের বাড়ির সামনে থেকে বংশাল থানার বিএনপির আহ্বায়ক আরিফুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে আবারও দেলোয়ারের বাড়ির সামনে গিয়ে শেষ হয়। মিছিলের শেষ দিকে বংশাল থানা পুলিশ এসে পৌঁছালেও কাউকে গ্রেফতার করতে পারেনি। কোন প্রকার সংঘর্ষের ঘটনা ঘটেনি।
বংশাল থানা বিএনপির আহ্বায়ক আরিফুর রহমান জানান, বিদ্যুতের এই দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের পকেট কেটে সরকারি দল নিজেদের পকেট পুরছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা কেন্দ্রের নির্দেশে কর্মসূচি পালন করেছি। এদিকে পল্টন থানা যুবদলের সভাপতি জুয়েলের নেতৃত্বে শাজাহানপুর এলাকায় মিছিল করে যুবদল ঢাকা মহানগর দক্ষিন। এছাড়াও রাজধানীর অনেক এলাকায় মিছিল করেছে বিএনপিও তাদের সহযোগী সংগঠনগুলো।