সিসি নিউজ: সৈয়দপুরে রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় আন্তঃবিভাগীয় ভলিবল প্রতিযোগিতায় ফাইনাল খেলায় রাজশাহী বিভাগীয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বৃহস্পতিবার বিকেলে রেলওয়ের সৈয়দপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার (ডিএসএ) মাঠে ওই ফাইনাল খেলায় রাজশাহী বিভাগীয় দল ২-০ সেটে সৈয়দপুর বিভাগীয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
চুড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) মঞ্জুর-উল আলম চৌধুরী।
পশ্চিমাঞ্চল রেলওয়ের ভলিবল প্রতিযোগিতায় চুড়ান্ত খেলার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলওয়ের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী (সিএক্স) মৃনাল কান্তি বণিক ও সৈয়দপুর রেলওয়ে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক(ডিসিওএস) বেলাল হোসেন সরকার।
অনুষ্ঠানের সভাপতিত্ব্ করেন সৈয়দপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও কারখানার উৎপাদন প্রকৌশলী (পিই) আমিনুল হাসান। খেলা শেষে প্রধান অতিথি ডিএস পরে চ্যাম্পিয়ন রাজশাহী ও রানার্স-আপ সৈয়দপুর দলের খেলোয়ালের হাতে ট্রফি তুলে দেন। ভলিবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদান করা হয় রাজশাহী ডিএসএ দলের রাহাদুল আলম রাহাদকে। বিভাগীয় ভলিবল প্রতিযোগিতা পশ্চিমাঞ্চল রেলওয়ে ৪টি বিভাগীয় দল অংশ নেন। এসব হলো পাকশী, লালমনিরহাট, রাজশাহী ও সৈয়দপুর বিভাগ।
ফাইনাল খেলাটি পরিচালনা করেন রেফারী মো. মোরশেদ-উল আলম। তাকে সহযোগিতা করেন মো. হেলাল হোসেন। উল্লেখ্য,গত ১৯ মার্চ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।