ঢাকা: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনে বিচারক বাসুদেব রায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেননি। শনিবার দুপুরে সুপ্রিম কোর্টের দক্ষিণ মিলনায়তনে ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম মিয়া দাবি করেন, বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় ফৌজদারি কার্যবিধির ২৪২ ধারা লঙ্ঘন করেছেন। তিনি বিচারকের ফৌজদারি কার্যবিধি লঙ্ঘনের বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে প্রধান বিচারপতির কাছে দাবি জানান।
একই সঙ্গে এ দুটি মামলায় আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে অভিযোগ গঠন করার প্রতিবাদে চারদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে আছে— রোববার ২৩ মার্চ সব জেলা বারে বিক্ষোভ, ২৪ মার্চ জেলা বারে কালো পতাকা উত্তোলন, ২৫ মার্চ আইনজীবীদের মানববন্ধন ও ২৭ মার্চ প্রতিবাদ সভা।
রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘আইন অনুযায়ী অভিযোগ গঠনের আগে আসামি দোষী না নির্দোষ তা জিজ্ঞেস করতে হয়। কিন্তু বিচারক তা জিজ্ঞেস না করেই তাঁর নিজের কক্ষে বসে আদালতের একজন কর্মচারীর মাধ্যমে দুই মামলায় খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে মর্মে আদালতকে অবহিত করেন, যা ফৌজদারি কার্যবিধির ২৪২ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।’ তিনি দাবি করেন, শুধু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মামলা করা হয়েছে ও অভিযোগ গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব মাহবুব উদ্দিন, যুগ্ম মহাসচিব সানাউল্লাহ মিয়াসহ ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।