
নীলফামারী প্রতিনিধি: ‘প্রকৃত মুক্তিযোদ্ধাদের অধিকার ফিরে আনতে প্রয়োজনে আবার বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত আছি। ৭১ সালে জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। প্রয়োজনে আবার বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত। স্বাধীনতার ৪৩ বছর পেরিয়ে গেলেও প্রকৃত মুক্তিযোদ্ধারা যথাযথ মর্যাদা পাচ্ছেন না। এক শ্রেণীর ভূয়া মুক্তিযোদ্ধা অবৈধভাবে সনদ নিয়ে নিজের নামে গেজেট করে মুক্তিযোদ্ধা সেজে রাষ্ট্রের যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করছেন।’ নীলফামারীতে এক মানবন্ধনে এ কথা বলেন মুক্তিযোদ্ধারা।
মঙ্গলবার বেলা ১২টার দিকে ভূয়া মুক্তিযোদ্ধাদের সনদ ও গেজেট বাতিলের দাবিতে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সর সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে মুক্তিযোদ্ধাদের কর্মসূচীতে একাত্বতা ঘোষণা করেন সর্বস্তরের মানুষ।
মানববন্ধন চলাকালে সাবেক জেলা কমান্ডার জয়নাল আবেদীন, সাবেক জেলা আহবায়ক আব্দুল জলিল, হায়দার আলী ও বঙ্কু বিহারী রায়সহ কয়েকজন মুক্তিযোদ্ধা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, অবিলম্বে এসব ভূয়া মুক্তিযোদ্ধার সনদ, গেজেট ও যাবতীয় ভাতাদি বন্ধ করতে সরকারের প্রতি আহবান জানান। পাশাপাশি রাষ্ট্রের কোন কর্মসূচীতে এসব ভূয়া মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ না করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। যতদিন মুক্তিযোদ্ধাদের এসব দাবি মানা না হলে প্রয়োজনে হরতালের মতো কর্মসূচী দিয়ে রাস্তায় নামার ঘোষণা দেন তারা।