লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সুলতান মাহমুদ (৩৭) কে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার ধবলগুড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, হাতীবান্ধা উপজেলার আড়াজি নিজশেখ সুন্দর এলাকার মৃত হাবিবুর রহমান ঘুতুর ছেলে তিনি।
পাটগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান জানান, ‘গত বছরের ১৯ ডিসেম্বর পাটগ্রাম উপজেলার বাউরা বাজারের বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে তৎকালীন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপির মতবিনিময় সভার মঞ্চভাংচুর, অগ্নিসংযোগ ও ৪৮টি মোটরসাইকেল পোড়ানো মামলার ৬৬ নম্বর এজাহারভূক্ত আসামী সুলতান মাহমুদ। তাকে ধবলগুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই স্কুলের সহকারি শিক্ষক হলেও দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।’
এ ব্যাপারে পাটগ্রাম থানার অফিসার ইনচাজর্ (ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘গত বছরের ১৯ ডিসেম্বর বাউরার সহিংসতার ঘটনায় তাকে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে।’