কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: এক ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি পরিবারের ১৫ঘর বাড়ি ভষ্মিভুত হয়েছে। বুধবার সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি দক্ষিণ পাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের দাবি অগ্নিকান্ডে অন্তত ১৫ লাখ টাকার মালামাল ভষ্মিভুত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,উত্তর দুরাকুটি গ্রামের খাইরুল ইসলামের ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় বাবুল,ফরমান আলী,ওয়াহেদ আলী,নাজমুল হক ও এনামুল হকের ১৫টি টিনের ঘর , আসবাবপত্র, নগদ ৩২ হাজার টাকা ,২০০ মন ধান ও চাল পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়া অগ্নিদ্বন্ধ হয়ে দুই শতাধিক হাঁস মুরগী মারা যায়।
স্থানীয় মাদ্রাসা সুপার আব্দুল জলিল জানান, সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে । তিনি আরো জানান,কিশোরগঞ্জ থেকে জেলার দুরুত্ব ৩৫ কি.মি হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরী হয়েছে ফলে ক্ষয়ক্ষতির পরিমান বেশী হয়েছে।